পুলিশের জন্য বড় সুখবর

অনারারি পদোন্নতি ও ওভারটাইম ভাতার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশ বাহিনীকে একটি আধুনিক, শক্তিশালী ও জনকল্যাণমুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে বড় ধরণের সংস্কার ও সুযোগ-সুবিধার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এখন থেকে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাদের জন্য ‘অনারারি পদোন্নতি’ এবং অতিরিক্ত কর্মঘণ্টার জন্য ‘ওভারটাইম ভাতা’ চালুর পরিকল্পনা করছে সরকার।

রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’য় তিনি এসব তথ্য জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে অনেক কনস্টেবল ৪০ বছর নিরবচ্ছিন্ন সেবা দিয়েও পদোন্নতি না পেয়েই অবসরে যান। তাদের এই বঞ্চনা দূর করতে বিশেষ নীতিমালা করা হচ্ছে। সন্তোষজনক চাকরির রেকর্ড থাকলে অবসরকালীন সময়ে কনস্টেবল থেকে অনারারি এএসআই, এএসআই থেকে অনারারি এসআই এবং এসআই থেকে অনারারি পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতি দেওয়া হবে।’

পুলিশের দীর্ঘ কর্মঘণ্টার ক্লান্তি দূর করতে ও মনোবল বাড়াতে ওভারটাইম ভাতার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, ‘পুলিশ সদস্যরা দিন-রাত ঝুঁকি নিয়ে কাজ করেন। অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনের জন্য বিশেষ নীতিমালার ভিত্তিতে ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত সবাইকে ওভারটাইম ভাতা প্রদানের কথা ভাবছে সরকার।’

দেশে সাম্প্রতিক সময়ের আলোচিত ‘মব জাস্টিস’ বা আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ে কড়া হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘মব কালচার পুরোপুরি বন্ধ করতে বিদ্যমান আইন সংশোধন ও সংযোজন করে আরও যুগোপযোগী করা হচ্ছে। কাউকেই আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না।’

পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিয়ে মন্ত্রী জানান, কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোকে আধুনিকায়ন করা হবে এবং প্রয়োজনে নতুন উন্নত হাসপাতাল নির্মাণ করা হবে। এছাড়া পুলিশের আবাসন সংকট নিরসনে ভূমি অধিগ্রহণ ও ভবন নির্মাণের বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে সরকার কাজ করছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে শক্তিশালী আইন প্রণয়নের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের সুপারিশ অনুযায়ী দ্রুত নতুন আইন করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ বাহিনীকে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদানের নির্দেশ দিয়ে বলেন, ‘গত দুই মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’