ট্রেনে ঈদ যাত্রা

২৬ মে’র অগ্রিম টিকিট পাওয়া যাবে আজ

আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের সম্ভাব্য তারিখ ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রার চতুর্থ দিন, অর্থাৎ ২৬ মে’র ট্রেনের আসনের টিকিট বিক্রি আজ শনিবার থেকে শুরু হচ্ছে। যাত্রীদের ভোগান্তি কমাতে শতভাগ আসনের টিকিটই অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। এরপর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

ঈদের আগে মোট পাঁচ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করার পরিকল্পনা নিয়েছে রেলওয়ে। সেই অনুযায়ী, ২৩ মে’র আসনের টিকিট গত ১৩ মে, ২৪ মে’র টিকিট ১৪ মে এবং ২৫ মে’র টিকিট ১৫ মে বিক্রি করা হয়েছে। আজ ১৬ মে বিক্রি হচ্ছে ২৬ মে’র টিকিট। এছাড়া অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন, অর্থাৎ ১৭ মে দেওয়া হবে ২৭ মে’র ট্রেনের আসনের টিকিট।

রেলওয়ের নির্ধারিত নিয়ম অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবারই টিকিট কিনতে পারবেন এবং প্রতিবারে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করার সুযোগ থাকবে। তবে এবার ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড বা ফেরত দেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ।

অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের সুবিধার্থে এবং তাদের বিশেষ অনুরোধে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। এদিকে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে পরবর্তী ২৮, ২৯ ও ৩০ মে তারিখের টিকিটগুলো যথাসময়ে বিক্রি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।