চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে দর্শনার্থীদের ভিড়

আপডেট : ২৯ মে ২০২৬, ০৭:০৭ পিএম

দেশ-বিদেশে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর শেষ পর্যন্ত কোরবানি হয়নি। বরং এখন সেটির নতুন ঠিকানা হয়েছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা।

ঈদুল আজহার দ্বিতীয় দিন শুক্রবার (২৯ মে) রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় গিয়ে দেখা যায়, শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী দর্শনার্থীদের মূল আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে আলোচিত এই মহিষটি।

সকাল ১০টার পর থেকেই ভ্যাপসা গরম উপেক্ষা করে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। তবে অন্যান্য প্রাণীর খাঁচার তুলনায় ‘ডোনাল্ড ট্রাম্প’-কে ঘিরেই ছিল সবচেয়ে বেশি কৌতূহল। দর্শনার্থীদের অনেককে চিড়িয়াখানার কর্মীদের জিজ্ঞেস করতে শোনা যায়, ‘ট্রাম্প কোন দিকে?’ কর্মীরাও পথ দেখিয়ে দিচ্ছিলেন।

চিড়িয়াখানার মূল ফটক থেকে বেশ দূরের একটি সুরক্ষিত স্থানে রাখা হয়েছে মহিষটিকে। উঁচু দেয়াল ও লোহার ঘেরা প্রাচীরের ভেতরে ছাউনির নিচে বাঁধা অবস্থায় রাখা হয়েছে অ্যালবিনো মহিষটিকে। বাইরে দাঁড়িয়ে দর্শনার্থীরা ছবি তুলছেন, ভিডিও করছেন, কেউ কেউ মজা করে ডাকছেন ‘ট্রাম্প’।

অনেকে আবার হাস্যরস করে বলছিলেন, ‘ট্রাম্পকে দেখে আমেরিকার ভিসা পাক্কা!’

শ্যামলী থেকে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে আসা মাছুম নামে এক কিশোর বলে, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনে এতদিন মহিষটির কথা শুনেছি। চিড়িয়াখানায় এসেছে শুনে না দেখে যাওয়া ঠিক হতো না।

অন্যদিকে সাভার থেকে বাবার সঙ্গে আসা শিশু ইকবাল মজার ছলে জানায়, ‘ভাবছিলাম ট্রাম্প মানে হয়তো বানর হবে, এসে দেখি মহিষ!’

খাঁচার বাইরে দায়িত্ব পালনরত এক কর্মী জানান, মহিষটিকে মূলত প্রদর্শনের জন্য আনা হয়নি। তবে দর্শনার্থীরা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সেটি দেখতে পারছেন। ঈদের ছুটিতে মানুষের আগ্রহে আজ পুরো পরিবেশটাই ভিন্ন হয়ে উঠেছে।

মিরপুরের বাসিন্দা মেহেরুন আফরোজ বলেন, মহিষটির চুল, চোখ ও গড়নের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর কিছুটা মিল থাকায় সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দুদিন আগেও এটি ছিল কোরবানির পশু, এখন সেটিই চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ।

স্থানীয় বাসিন্দা মনিকা ইসলাম বলেন, আজ মূলত ‘ডোনাল্ড ট্রাম্প’কেই দেখতে এসেছি। খাঁচার সামনে মানুষের ভিড় দেখে মনে হচ্ছে যেন চিড়িয়াখানা নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।

এ বিষয়ে চিড়িয়াখানার পরিচালক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, ঈদের সময় সাধারণত চিড়িয়াখানায় দর্শনার্থীর চাপ বাড়ে। তবে সম্প্রতি যুক্ত হওয়া অ্যালবিনো মহিষটি নিয়েও মানুষের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

তিনি আরও জানান, এটি মূলত একটি বিরল জিনগত বৈশিষ্ট্যের ফল। সংরক্ষণ ও গবেষণার উদ্দেশ্যেই মহিষটিকে চিড়িয়াখানায় আনা হয়েছে। যদিও দর্শনার্থীরা নির্দিষ্ট দূরত্ব থেকে প্রাণীটিকে দেখার সুযোগ পাচ্ছেন।

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত