পবিত্র ঈদুল আজহার দিন নির্ধারণে বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহার দিনক্ষণ ঘোষণা করা হবে।
সোমবার (১৮ মে) সন্ধ্যা পৌনে ৭টায় এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
এদিকে, ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। রোববার চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে, ২৬ মে হবে আরাফাত দিবস এবং ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে। এর আগে, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পবিত্র জিলহজ মাস এবং ঈদুল আজহার তারিখ ঘোষণা করে।