হজযাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যময় ইবাদত-বন্দেগি নিশ্চিত করতে বেশ কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা অনুসরণ করা জরুরি। এ লক্ষ্যে হজযাত্রীদের দীর্ঘ সময় সরাসরি রোদে অবস্থান না করা এবং অতিরিক্ত গরমের সময় রোদে হাঁটাচলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (২০ মে) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ সংক্রান্ত বিশেষ সতর্কতা জারি করা হয়।
এ ছাড়া চলাচলের সময় ছাতা ব্যবহার বা মাথা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সরাসরি রোদের পরিবর্তে ছায়াযুক্ত পথ ব্যবহার করতে এবং প্রয়োজন হলে পরিবহন ব্যবহার করারও অনুরোধ জানানো হয়। দীর্ঘ পথ চলাচলের ক্ষেত্রে নিয়মিত বিরতিতে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়া এবং প্রচণ্ড গরমে শরীরের পানিশূন্যতা রোধে নিয়মিত পর্যাপ্ত পানি পান করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবছর হজযাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সৌদি সরকারের সঙ্গে সমন্বয় করে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নিয়মিতভাবে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে সচেতনতামূলক বিভিন্ন কনটেন্ট প্রকাশ করা হচ্ছে এবং সেগুলো হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে শেয়ার করা হচ্ছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হজযাত্রীদের সুস্থতা ও নিরাপত্তার স্বার্থে এসব নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।