পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো নারী যাত্রীদের জন্য ট্রেন ভ্রমণে বিশেষ সুবিধা নিশ্চিত করেছে বাংলাদেশ রেলওয়ে। সরকারি নির্দেশনায় সোমবার (২৫ মে) থেকে গুরুত্বপূর্ণ দুটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচ সংযুক্ত করা হয়েছে। সকালে ঢাকা রেলওয়ে স্টেশনে এই বিশেষ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে সিলেটগামী ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনের বিশেষ কোচে থাকা নারী যাত্রীদের বিদায় জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের ভ্রমণের সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। বিশেষ এই কোচ পেয়ে নারী যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং ভিড়ের মধ্যে নিরুপদ্রব ভ্রমণের সুযোগ করে দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট-ঢাকা রুটের ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনে এই বিশেষ কোচ সুবিধা পাওয়া যাবে। সোমবার থেকে শুরু হওয়া এই সেবা ঈদের আগের তিন দিন অর্থাৎ ২৭ মে পর্যন্ত অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে রেলওয়ের মহাপরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. নাজমুল হাসান, মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) সুবক্তগীন এবং বিভাগীয় রেলওয়ে ম্যানেজারসহ (ঢাকা) ঊর্ধ্বতন কর্মকর্তারা। অন্যদিকে, চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের বিশেষ কোচের নারী যাত্রীদের স্বাগত জানাতে স্টেশনে উপস্থিত হওয়ার কথা রয়েছে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের।
মহাপরিচালক আফজাল হোসেন বলেন, ‘ঈদের সময় অতিরিক্ত ভিড়ের কারণে নারী ও শিশুদের যাতায়াতে সমস্যা হয়। প্রধানমন্ত্রী ও রেলপথ মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় আমরা এই পরীক্ষামূলক উদ্যোগ নিয়েছি যাতে নারীরা নিরাপদে ও সম্মানের সাথে বাড়ি ফিরতে পারেন।’