পুলিশ ও র‍্যাবের ওপর হামলায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশ ও র‍্যাবের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৬ মে) পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'যেখানে পুলিশ-র‍্যাবের ওপর আক্রমণ হয়েছে, সেগুলো আমরা গভীরভাবে দেখেছি। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব শিগগিরই তা দৃশ্যমান হবে।'

তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে দেশে আইনের শাসন ছিল না এবং একটি ‘দুর্বৃত্তায়নের মহামারি’ তৈরি হয়েছিল। তার ভাষায়, 'অনেকে মনে করেছে রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র গড়ে তুলেছে। কিন্তু এখন সবকিছু নিয়ম-কানুন ও আইনের ভিত্তিতে চলবে।'

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট ও মহাসড়কের নিরাপত্তা জোরদারের কথাও জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ঈদের আগে ও পরে পুলিশ সদর দপ্তরের মনিটরিং সেল আরও শক্তিশালীভাবে কাজ করছে। মহাসড়ক ও পশুর হাটগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় আনা হয়েছে।

মন্ত্রী জানান, এক্সপ্রেসওয়েগুলোতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি যেখানে প্রয়োজন সেখানে বডি অন ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে।

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এবারের ঈদযাত্রায় আগের তুলনায় দুর্ঘটনা কম হয়েছে। তবে যেসব দুর্ঘটনা ঘটেছে, তার অনেকগুলোই যাত্রীদের অসচেতনতার কারণে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সম্প্রতি নওগাঁর একটি দুর্ঘটনার উদাহরণ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু যাত্রী ভাড়া বাঁচাতে রডবোঝাই ট্রাকের ওপরে উঠে যাত্রা করছিলেন। পরে ট্রাকটি দুর্ঘটনায় পড়লে হতাহতের ঘটনা ঘটে।

জাল নোট ঠেকাতে পশুর হাটে বিশেষ মেশিন বসানো হয়েছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, লেনদেনে সবাইকে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে হবে।