রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই এই মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রামিসা হত্যার ঘটনায় আজই চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হবে। আমরা লক্ষ্য নির্ধারণ করেছি যে, ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার শেষ করে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। দেশে শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে, তাই এসব ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে শুধুমাত্র ঢাকাতেই প্রায় ৮০ হাজার মাদক মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া অনলাইন ও অফলাইন সব ধরনের জুয়া ও বেটিং রোধে ১৮৬৭ সালের পুরনো আইন সংস্কার করছে সরকার। আগামী সংসদ অধিবেশনেই এই নতুন আইনটি উত্থাপন করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চাই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় তাঁকে ফেরত দেওয়া হবে-এটাই সরকারের প্রত্যাশা।’
গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখার ওপর জোর দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অসামাজিক ও নেতিবাচক কার্যক্রম পরিচালিত হয়, তা রোধে সাংবাদিকদের সোচ্চার ভূমিকা পালন করা উচিত।’
রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল আজ