আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু, ঘটনাস্থলে সিআইডি

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় শোক, উদ্বেগ ও নানা প্রশ্ন ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে কাজ শুরু করেছে সিআইডি ক্রাইমসিন ইউনিট।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে সিআইডির একটি বিশেষ দল হাসপাতালের পোস্ট অপারেটিভ ফ্লোরে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে। সরেজমিনে দেখা যায়, তারা পোস্ট অপারেটিভ রুম ও সংশ্লিষ্ট ইউনিট থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলে এই কার্যক্রম।

সিআইডির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, নবজাতকদের মৃত্যুর সম্ভাব্য সব কারণ মাথায় রেখেই নমুনা সংগ্রহ করা হচ্ছে। এসব নমুনার ফরেনসিক পরীক্ষা করা হবে। তদন্তের মাধ্যমেই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ৬ শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। সিআইডির বিশেষজ্ঞ দল তদন্ত করছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তর-এর মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, আরও পাঁচ নবজাতক হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

তবে চিকিৎসাধীন শিশুদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে, এনআইসিইউতে থাকা কয়েকটি শিশুর অবস্থাও আশঙ্কাজনক। তাদের শরীরে নীলাভ বর্ণ দেখা যাওয়ার তথ্যও পাওয়া গেছে।