আদ-দ্বীনে রাতভর কী ঘটেছে, যা জানালো হাসপাতাল কর্তৃপক্ষ

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল–এ একসঙ্গে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই রাতে কী ঘটেছিল, সে বিষয়ে নিজেদের প্রাথমিক পর্যায়ের ব্যাখ্যাও তুলে ধরা হয়েছে।

বুধবার (২৭ মে) হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৬ মে দিবাগত রাত ২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ড-২–এ শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু ছিল। তবে সেখানে অবস্থান করা কয়েকজন নবজাতকের মা ঠান্ডা অনুভব করায় এসি বন্ধ করার অনুরোধ জানান। পরে দায়িত্বরত নার্সরা এসিগুলো বন্ধ করে দেন।

হাসপাতালের ভাষ্য অনুযায়ী, রাত ৩টার দিকে আবার এসি চালু করা হয়। এর প্রায় এক ঘণ্টা পর, রাত ৪টার দিকে এক নবজাতক অস্বাভাবিকভাবে কান্না শুরু করলে দ্রুত তাকে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ)–এ নেওয়া হয়। পরে একই ধরনের উপসর্গ দেখা দিলে আরও পাঁচ নবজাতককে দ্রুত এনআইসিইউতে স্থানান্তর করা হয়।

কর্তৃপক্ষ জানায়, সকাল ৬টার দিকে প্রথম শিশুটির মৃত্যু হয়। এরপর সকাল ৬টা থেকে ৯টার মধ্যে পর্যায়ক্রমে আরও পাঁচ নবজাতকের মৃত্যু ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ওই ওয়ার্ডে সদ্য সন্তান প্রসব করা মায়েরা শিশুদের সঙ্গে অবস্থান করছিলেন এবং রাতের শিফটে তিনজন নার্স দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার পরপরই হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত হন। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর–এর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সদস্যরা ঘটনাটি তদন্তে হাসপাতালে অবস্থান করছেন বলেও জানানো হয়েছে।

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, এমন মর্মান্তিক ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগকে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি হাসপাতাল প্রশাসনও অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। কোনো ধরনের গাফিলতি বা ত্রুটি প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।