কোরবানির পর রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৯ মে) বিকেলে দায়িত্বে অবহেলার অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্য ও আগের জমে থাকা ময়লা দীর্ঘ সময় ধরে অপসারণ না হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং একই সঙ্গে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি সূত্র বলছে, ঈদের পর দ্রুত বর্জ্য অপসারণে নির্দেশনা থাকলেও মাঠপর্যায়ের কার্যক্রমে গাফিলতি পাওয়ায় এ প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়।