পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন সড়কের পরিস্থিতি পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, তা দেখতে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে দেখেন।
গুলশান এভিনিউয়ের বাসা থেকে বের হয়ে প্রধানমন্ত্রী গুলশান-১, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বাসাবো, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট, কলাবাগান, ধানমন্ডি, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালীসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেন।
এ সময় তিনি ট্রাফিক সিগন্যাল মেনে চলেন এবং বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে সড়কের পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বলেও জানান উপ প্রেস সচিব।
সরকারের ধারণা অনুযায়ী, চলতি বছর ঢাকায় প্রায় সাত লাখ পশু কোরবানি হয়েছে। এতে ৫৫ হাজার টনের বেশি বর্জ্য তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিপুল পরিমাণ বর্জ্য দ্রুত অপসারণে কাজ করছে ঢাকার দুই সিটি করপোরেশন।
মোদির ঈদ শুভেচ্ছার জবাবে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান