গরমে কাহিল ট্রাম্প, আনা হচ্ছে ফ্যান

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন রাজধানীর জাতীয় চিড়িয়াখানার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। বিরল বৈশিষ্ট্যের এই সাদা মহিষটিকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। প্রাণীটির জন্য বিশেষ পরিচর্যার ব্যবস্থাও করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা গেছে, তীব্র গরমে প্রাণীটিকে স্বস্তিতে রাখতে দিনে দুই থেকে তিনবার গোসল করানো হচ্ছে। পাইপের মাধ্যমে শরীরে পানি ছিটিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি খাঁচার ভেতরে অতিরিক্ত শীতল পরিবেশ নিশ্চিত করতে শিগগিরই একটি স্ট্যান্ডফ্যান স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চিড়িয়াখানা সূত্র জানিয়েছে, মহিষটি প্রতিদিন প্রায় ২৫ কেজি নেপিয়ার ঘাস, ৫ কেজি ছোলা ও ভুসি খায়। এছাড়া দিনে প্রায় আধা মণ পানি পান করে। প্রয়োজন অনুযায়ী খাদ্যের পরিমাণ আরও বাড়ানো হতে পারে।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রাণীটিকে কয়েক দফায় খাবার দেওয়া হচ্ছে। সকাল ৯টার দিকে ছোলা-ভুসি, বেলা ১১টা ও দুপুর ২টার পর ঘাস এবং বিকেল ৩টার দিকে আবার ছোলা-ভুসি দেওয়া হয়।

গত বুধবার রাতে মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় আনা হয়। বর্তমানে এটি ‘এল-০৭’ নম্বর খাঁচায় রাখা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে খাঁচার সামনে পরিচিতি বোর্ডে বাংলায় ‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’ এবং ইংরেজিতে ‘Albino Buffalo’ লেখা রয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটির পাশের খাঁচায় একটি গয়াল রাখা হলেও সেটি মুক্তভাবে চলাচল করতে পারে। তবে গৃহপালিত প্রাণী হওয়ায় ‘ডোনাল্ড ট্রাম্প’কে বেঁধে রাখা হয়েছে, কারণ এমন পরিবেশেই প্রাণীটি অভ্যস্ত। বর্তমানে দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই অ্যালবিনো মহিষকে সংরক্ষণ ও নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।