অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণে ডিএনসিসির অভিযান

নগরীর বিভিন্ন স্থানে অবৈধ পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণে অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

সোমবার (৮ জুন) ডিএনসিসির আওতাধীন আগারগাঁও ও শেরেবাংলা নগর এলাকায় এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।

পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া কর্মীরা জানান, ডিএনসিসির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অবৈধ পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হচ্ছে। প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

এর আগে এক গণবিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানায়, সংস্থার আওতাধীন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি ও বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে নিজ উদ্যোগে এসব অবৈধ স্থাপনা অপসারণের অনুরোধ জানানো হয়। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, নির্দেশনা অমান্য করলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।