মা ইলিশ রক্ষায় ৯ জেলায় নৌবাহিনীর অভিযান

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১০:০১ এএম

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে দেশজুড়ে অভিযানে নেমেছে বাংলাদেশ নৌবাহিনী। ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের এ অভিযানে সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ-নদীতে টহল এবং নজরদারি জোরদার করা হয়েছে।

সরকারের ঘোষণা অনুযায়ী, এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সব ধরনের মৎস্যযানের মাধ্যমে ইলিশসহ সব প্রজাতির মাছ ধরা বন্ধ রাখা হয়েছে।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ বাস্তবায়নে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্ট ৯টি জেলায় টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। গভীর সমুদ্রে দেশি-বিদেশি মাছ ধরার নৌযানের অবৈধ প্রবেশ ঠেকাতে নৌবাহিনীর জাহাজের পাশাপাশি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমেও সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

অভিযানের অংশ হিসেবে নৌবাহিনীর ফ্লিটের জাহাজ, ক্রাফট, বোট ও সদস্যদের সমুদ্র, উপকূলীয় এলাকা এবং দেশের অভ্যন্তরীণ নদ-নদীসহ ইলিশের প্রধান প্রজননক্ষেত্রে মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অবৈধ মাছ ধরা এবং বিদেশি মাছ ধরার ট্রলারের অনুপ্রবেশ প্রতিরোধে কাজ করবে নৌবাহিনী।

এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণে জড়িত ব্যক্তি ও যান্ত্রিক মৎস্যযানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণাও চালানো হবে।

নৌবাহিনী জানায়, ইলিশের প্রজননক্ষেত্র সুরক্ষা, নির্বিঘ্নে ডিম ছাড়ার পরিবেশ নিশ্চিত করা এবং দেশের গুরুত্বপূর্ণ মৎস্যসম্পদ সংরক্ষণে তারা নিয়মিত কাজ করে যাচ্ছে। দেশের সমুদ্রসীমা ও অভ্যন্তরীণ নদ-নদীতে ইলিশের নিরাপদ প্রজনন এবং মৎস্যসম্পদ রক্ষায় এ অভিযান পরিচালিত হচ্ছে।

এমইউ
আরও পড়ুন