বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ-অনুদান চুক্তি স্বাক্ষর

দেশের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার আমূল পরিবর্তন ও অগ্রগতির লক্ষ্যে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে ৪০ কোটি ৪০ লাখ (৪০৪ মিলিয়ন) মার্কিন ডলারের একটি বিশাল ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১০ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকাস্থ কার্যালয়ের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমে নিজ নিজ সংস্থার পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তির শর্তানুযায়ী, ৪০৪ মিলিয়ন ডলারের এই তহবিলের মধ্যে বিশ্বব্যাংক মূলত প্রায় ৩৭৯ মিলিয়ন মার্কিন ডলারের সমমূল্যের ২৮৪ দশমিক ৭০ মিলিয়ন এসডিআর (স্পেশাল ড্রয়িং রাইটস) ঋণ হিসেবে দেবে। এর পাশাপাশি গ্লোবাল ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (জিএফএফ) থেকে বাকি ২৫ মিলিয়ন মার্কিন ডলার সম্পূর্ণ অনুদান হিসেবে পাওয়া যাবে।

এই অর্থায়নের মূল লক্ষ্য হলো দুটি বিশেষ প্রকল্পের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতকে আরও বেশি কার্যকর, আধুনিক ও টেকসই করে তোলা। বিশেষ করে দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগে স্বাস্থ্য ও পুষ্টি সেবার মানোন্নয়ন, সাধারণ মানুষের জন্য সেবার প্রাপ্যতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা প্রদানের সুযোগ সম্প্রসারণ করা হবে। একই সাথে প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা সেবায় দক্ষতা ও সমতা নিশ্চিত করতে একটি জলবায়ু সহনশীল কাঠামো গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সরাসরি তত্ত্বাবধানে ‘হেলথ অ্যান্ড নিউট্রিশন সার্ভিসেস ইমপ্রুভমেন্ট অ্যান্ড সিস্টেম স্ট্রেন্থেনিং প্রজেক্ট’ নামের প্রথম প্রকল্পটি বাস্তবায়িত হবে।