নতুন বাজেটে কী থাকছে সাধারণ মানুষের জন্য—নজরে কর ও জীবনযাত্রার খরচ

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট আসছে আজ

আপডেট : ১১ জুন ২০২৬, ১২:১৬ পিএম

‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্যে দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ হতে যাচ্ছে আজ। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটিই প্রথম বাজেট, যার মূল লক্ষ্য বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই সম্ভাব্য বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

এই বাজেটে প্রথাগত অবকাঠামোর চেয়ে মানবসম্পদ উন্নয়নে বেশি জোর দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে। নতুন উদ্যোগের মধ্যে রয়েছে ২৫ লাখ নাগরিকের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালু, সামাজিক সুরক্ষায় ফ্যামিলি ও কৃষক কার্ড যুক্ত করা এবং যুবসমাজকে সৃজনশীল কাজে উৎসাহ দিতে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা।

এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য ২ হাজার কোটি এবং উদ্যোক্তা উন্নয়ন তহবিলে ২২৫ কোটি টাকার পাশাপাশি সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের ঘোষণা আসতে পারে আজ। এছাড়া বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যও রয়েছে সরকারের। ব্যবসা সহজ করতে ‘বাংলাবিজ’ নামে ডিজিটাল ওয়ান-স্টপ সার্ভিস চালু এবং এনবিআরের কর রিটার্নসহ যাবতীয় কার্যক্রম অনলাইনে আনার প্রস্তাব করা হয়েছে।

আগামী অর্থবছরে মোট জিডিপির আকার ৬৮ লাখ ৩০ হাজার কোটি টাকা ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। এই খরচের বিপরীতে মোট রাজস্ব আহরণের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, আর বাকি টাকা ঋণ ও বৈদেশিক সহায়তা থেকে নেওয়া হবে। ফলে বাজেট ঘাটতি দাঁড়াবে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। 

অর্থনীতিবিদদের মতে, চলতি বছরের মে মাসে মূল্যস্ফীতি যেখানে ৯ দশমিক ৪২ শতাংশে পৌঁছেছে, সেখান থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী তা ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অবশ্য পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন জানান, নির্বাচনি ইশতেহারের সাথে সামঞ্জস্য রেখেই এই বাজেট তৈরি হয়েছে এবং চলমান সংস্কার কার্যক্রম অর্থনীতিতে নতুন গতি আনবে।

SN
আরও পড়ুন