একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে সাথে নিয়ে সংস্কার কার্যক্রম পরিচালনা এবং গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে 'জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়ন' শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, "গণমাধ্যম সংশ্লিষ্ট সবাইকে প্রথমবারের মতো একটি প্ল্যাটফর্মে একত্রিত করা সম্ভব হয়েছে, যার সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব রয়েছে। এটি আমাদের জন্য একটি বড় সুযোগ।" তিনি আরও উল্লেখ করেন, সরকার এখানে মূলত সমন্বয়কারীর ভূমিকা পালন করবে এবং সবার সহযোগিতায় গণমাধ্যমের সার্বিক উন্নয়নে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বা পথরেখা তৈরি করা হবে।
একই কর্মশালায় অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়। তাই গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সরকারের যেকোনো ভুলত্রুটি বা বিচ্যুতি গণমাধ্যমে তুলে ধরতে হবে, যেন সরকার সেগুলো দ্রুত সংশোধন করার সুযোগ পায়।