পানি সংকট মোকাবিলায় এশিয়ার ঐক্য জরুরি

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো পানি সংকট, যা মোকাবিলায় এশিয়ার সব দেশকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদ ভবনে এশিয়া ন্যাশনাল এসেম্বলি ওয়াটার কনসাল্টেটিভ বোর্ডের (এএডব্লিওসি) জেনারেল সেক্রেটারি মি. হা সাং জে-এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের দক্ষিণ কোরিয়ান প্রতিনিধিদল স্পিকারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।

স্পিকার বলেন, পানি সমস্যা এতটাই তীব্র যে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অনেক দেশের জন্য এটি জীবন-মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে পাকিস্তান, ভারত ও বাংলাদেশে সংকট মারাত্মক আকার ধারণ করেছে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এএডব্লিওসি’র জেনারেল সেক্রেটারি বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদেরকে সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে বৈশ্বিক পানি সংকট সমাধানে সহযোগিতা কামনা করেন। তিনি ২০২৬ সালে লাওসে অনুষ্ঠিতব্য এএডব্লিওসি’র বার্ষিক সম্মেলনে যোগদানের জন্য স্পিকারকে আমন্ত্রণ জানান।

স্পিকার এএডব্লিওসি’র ২০১৯ সাল থেকে আইনি কাঠামোর মাধ্যমে পানি সমস্যা সমাধানে অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন যে বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যরা এ উদ্যোগে অংশ নেবেন এবং লাওসে অনুষ্ঠিত পরবর্তী বার্ষিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ থাকবে।

প্রসঙ্গত, এএডব্লিওসি এশিয়ার বিভিন্ন দেশের সংসদ সদস্যদের একটি আন্তঃসংসদীয় প্ল্যাটফর্ম, যা পানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন বিষয়ক আইন ও নীতিগত সহযোগিতা জোরদার করে।

এ সময় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মি. কিম জি-জুন এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।