পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত মোট ৬৪ হাজার ১৬৩ জন বাংলাদেশি হাজি সুস্থভাবে দেশে ফিরেছেন। একই সাথে চলতি হজ মৌসুমে ৫৪ জন বাংলাদেশি হাজির মৃত্যুর খবর নিশ্চিত করেছে হজ অফিস।
বুধবার (২৪ জুন) প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, হজের ফিরতি কার্যক্রম শুরু হওয়ার পর থেকে মঙ্গলবার পর্যন্ত তিনটি এয়ারলাইন্সের মোট ১৭০টি ফিরতি ফ্লাইটে হাজিরা ঢাকায় এসে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৯টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে। ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে আসা ৫৯ হাজার ৮৮৮ জন হাজি রয়েছেন। বাকি হাজিরাও নির্ধারিত সময়ের মধ্যে পর্যায়ক্রমে দেশে ফিরবেন বলে জানানো হয়েছে।
এদিকে, চলতি বছর হজে গিয়ে মৃত ৫৪ জন বাংলাদেশির মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় ১ জন মৃত্যুবরণ করেছেন। তবে মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এছাড়া অসুস্থ হয়ে ৪১৫ জন বাংলাদেশি হাজি সৌদির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে শুরু হওয়া এই ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত চলবে। এবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা বরাদ্দ ছিল।