দীর্ঘ অনিশ্চয়তার পর আবারও বাংলাদেশে রেল কোচ রপ্তানি শুরু করছে ভারত। চলতি বছরের জুলাই মাসেই প্রথম চালান পাঠানোর প্রস্তুতি চলছে।
ভারতীয় রেল মন্ত্রণালয়ের অধীন সংস্থা রাইটসের মাধ্যমে প্রায় ৯১৫ কোটি টাকার একটি চুক্তির আওতায় এই কোচগুলো বাংলাদেশ রেলওয়ের হাতে তুলে দেওয়া হবে।
জানা গেছে, প্রথম দফায় সর্বোচ্চ ২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ বাংলাদেশে পাঠানো হবে। কোচগুলো তৈরি হচ্ছে পাঞ্জাবের কাপুরথলার রেল কোচ ফ্যাক্টরিতে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হস্তান্তরের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং সবকিছু ঠিক থাকলে জুলাই থেকেই রপ্তানি শুরু হবে।
বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর এটাই হবে ভারতের পক্ষ থেকে প্রথম বড় রেল কোচ সরবরাহ। রাইটস ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে হওয়া বৃহত্তর চুক্তি অনুযায়ী মোট ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করবে ভারত। ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে রাইটস এই কাজের বরাত পায়। প্রকল্পটির অর্থায়ন করছে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক।
তবে প্রকল্পের গতি কিছুটা ধীর হয়ে পড়েছিল। বাংলাদেশে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক প্রক্রিয়ায় সময় লেগেছিল। যদিও এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও সরবরাহের কাজ শুরু হচ্ছে। প্রথম রেক জুলাইয়ে প্রস্তুত হবে এবং পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে বাকি কোচ পাঠানো হবে।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল সরঞ্জাম সরবরাহকারী হিসেবে উঠে এসেছে ভারত। বর্তমান চুক্তির আগে ভারত বাংলাদেশকে ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ, ৩৬টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ সরবরাহ করেছে।
তবে শুধু কোচ সরবরাহই নয়, নতুন চুক্তির আওতায় নকশা সংক্রান্ত সহায়তা, খুচরা যন্ত্রাংশ, কর্মীদের প্রশিক্ষণ এবং কমিশনিং পরিষেবাও দেওয়া হবে। প্রকল্পে ৩৬ মাসের সরবরাহ ও কমিশনিং পর্ব রয়েছে। এরপর থাকবে আরও ২৪ মাসের ওয়ারেন্টি সুবিধা।