চীনের ডালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় তিনি বেইজিংয়ের পথে যাত্রা করেন। সফরসঙ্গী হিসেবে তাঁর সাথে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে, আজ স্থানীয় সময় সকাল ১০টায় প্রধানমন্ত্রী চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন।
‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’-এর এই গুরুত্বপূর্ণ আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ উপস্থিত ছিলেন। বিশ্বমঞ্চের এই সম্মেলনে পৃথিবীর ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১,৭০০ জনেরও অধিক শীর্ষ প্রতিনিধি অংশগ্রহণ করেন।
কূটনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বৈশ্বিক এই ‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের জোরালো অংশগ্রহণ বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক। এটি একদিকে দেশে নতুন বিদেশী বিনিয়োগের দ্বার উন্মোচন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ করবে, অন্যদিকে উন্নত দেশগুলোর সেরা অর্থনৈতিক অনুশীলন ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ ও কাজাখস্তানে বসছে স্থায়ী কূটনৈতিক মিশন
ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক, যা বললেন প্রধানমন্ত্রী