বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের লিয়াওনিং প্রদেশের ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বিশেষ আসর ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলন শেষে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় ডালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে চড়ে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন তিনি। এরপর বিকাল ৫টা ৩৫ মিনিটে বেইজিং পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এর আগে একই দিন স্থানীয় সময় সকাল ১০টায় ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৭তম ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’-এর বার্ষিক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন এই আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন। 

বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে আসা রাজনৈতিক ব্যক্তিত্ব, শীর্ষ ব্যবসায়ী, খ্যাতিমান শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১ হাজার ৭০০ জনেরও অধিক প্রতিনিধির উপস্থিতিতে মুখরিত ছিল এই সম্মেলন। সংশ্লিষ্ট মহল মনে করছেন, ‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখবে। একই সাথে বিভিন্ন দেশের সেরা অনুশীলন ও বৈশ্বিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করতে এই সফর গুরুত্বপূর্ণ অবদান রাখবে।