১৭ বছর পর দেশ কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার

দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ একটি সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করেন, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার মাধ্যমে জাতীয় সংসদ আরও মহিমান্বিত হবে এবং এর প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে। 

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত এক ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার অতীতে তাঁর সংসদ সদস্য থাকার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘আমি এরশাদ আমলসহ বেশ কয়েকটি সংসদের সদস্য ছিলাম। কিন্তু অতীতের সেই আবোল-তাবোল সংসদের কথা বলতে এখন লজ্জা পাই। অনেক সময় দেখেছি রেডিও-টেলিভিশনে একজনের নাম শুনলেও দুদিন পর সংসদে অন্য লোককে দেখা যেত। তবে ১৯৯১ সালের পর এবারই অত্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে, যেখানে রাজনৈতিক পরিচিতি ছাড়াও অনেকে নিজ গুণে নির্বাচিত হয়েছেন।’

তিনি আরও উল্লেখ করেন, এবারের ভোটিং প্যাটার্ন স্পষ্ট করে দেয় যে সাধারণ মানুষ পরিবর্তন চায়। অতীতের এমপিদের কর্মকাণ্ডে মানুষ সন্তুষ্ট ছিল না। তাই বর্তমান সংসদের নির্বাচিত সদস্যদের দায়িত্ব ও জবাবদিহিতা আগের চেয়ে অনেক বেশি এবং সবাইকে জনগণের সেবা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, দেশের গণতন্ত্রকে প্রকৃত অর্থে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংসদকে সবকিছুর কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। এই লক্ষ্য অর্জনে এবং মানুষের কল্যাণে সংসদ যেন কাজ করতে পারে, সেজন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি তাঁর বক্তব্যে বলেন, সংসদকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যেতে সাংবাদিকদের যেকোনো গঠনমূলক উদ্যোগে সংসদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।

বিপিজেএ-এর সভাপতি হারুন জামিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারদলীয় হুইপ জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বিএনপির সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান, রাশেদুল ইসলাম রাশেদ এবং সালাহ উদ্দিন। এছাড়া জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।