বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে সংঘটিত একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। একই ঘটনায় ডিবি হেফাজতে নেওয়া ডিবিসির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে পরিবারের সদস্যদের জিম্মায় রাজীব ঘোষকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম।
তিনি জানান, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২৪ সালের ২৬ আগস্ট দায়ের করা ওই মামলায় দণ্ডবিধির ৩০২, ১০৯ ও ৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরী ও প্রতিষ্ঠানটির প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকে ডিবি হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন জানিয়েছিলেন, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবিসি কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। ওই পরিস্থিতির পর দুজনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল।
ইকবাল সোবহান চৌধুরী ডিবিসি নিউজের চেয়ারম্যানের পাশাপাশি ইংরেজি দৈনিক ডেইলি অবজারভারের সম্পাদক ও প্রকাশক। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ইরান যুদ্ধের অবসানের আশায় তেলের দামে বড় পতন