সিন্দুকের চেয়ে সাইবার সুরক্ষা বেশি জরুরি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এখন কোনো বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে তার কম্পিউটার নেটওয়ার্ককে হ্যাকারমুক্ত রাখা এবং ভৌগোলিক সীমান্ত পাহারার চেয়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ দাঁড়িয়েছে।

বুধবার (১ জুলাই, ২০২৬) খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবগঠিত মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

বর্তমান আধুনিক যুগে নিরাপত্তার প্রচলিত বা সনাতন ধারণা গুণগতভাবেই সম্পূর্ণ বদলে গেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধ কেবল এখন সমরাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, তেমনি যোগাযোগও শুধু মানুষের কণ্ঠস্বর বিনিময়ের বিষয় নয়। 

প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে ডিজিটাল কারসাজির মাধ্যমে একটি দেশের নিরাপত্তা কতটা বিঘ্নিত হতে পারে। তিনি বাহিনীর ৬০ লাখ সদস্যকে অ্যানালগ চিন্তায় আটকে না রেখে আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে ডিজিটাল নেতৃত্ব গ্রহণের জন্য আনসারের শীর্ষ কর্মকর্তাদের সাধুবাদ জানান।

প্রযুক্তির পরিবর্তনকে গতিশীল বা ‘ডাইনামিক’ উল্লেখ করে জহির উদ্দিন স্বপন আরও বলেন, এই বাস্তবতায় প্রতি মুহূর্তে আমাদের চিন্তার আধুনিকায়ন ও আপগ্রেডিং সিস্টেমের সাথে তাল মিলিয়ে চলতে হবে; তা না হলে আজ যিনি আধুনিক, আগামীকালই তিনি অচল হয়ে পড়তে পারেন। ‘প্রান্তিক কণ্ঠস্বর’ নামক এই ডিজিটাল প্ল্যাটফর্মটি সরকারের তথ্য ব্যবস্থাপনার একটি বড় অংশ হবে এবং এটি অন্যান্য সরকারি দপ্তরের জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হিসেবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

‘সময়ের স্পন্দনে, আকাঙ্ক্ষা পূরণে’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ. এম. সাজ্জাদ মাহমুদ।