নতুন পোশাকে পুলিশ

গাঢ় নীল-হালকা জলপাই শার্টের সঙ্গে খাকি প্যান্ট

বাংলাদেশ পুলিশের পোশাকের রঙ আবারও পরিবর্তন এসেছে। পূর্ববর্তী 'লোহা-ধূসর' (আইরন গ্রে) রঙ বদলে পুলিশ সদস্যরা এখন থেকে গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্ট পরে দায়িত্ব পালন করবেন। 

বুধবার (১ জুলাই) থেকে পুলিশের নতুন এই ইউনিফর্ম কার্যকর হয়েছে এবং অনেক সদস্যকে নতুন পোশাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

নতুন পোশাক পরিহিত একাধিক পুলিশ সদস্য জানান, এই ইউনিফর্মে তারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তাদের মতে, এর আগের পোশাকটি বাংলাদেশ পুলিশের ঐতিহ্য ও মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।

আজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়। আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে গাঢ় নীল শার্টে এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্টে দেখা যায়। তবে উভয়ের প্যান্টের রঙ ছিল অভিন্ন-'খাকি'।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, আজ থেকে পুলিশ সদস্যরা নতুন পোশাক পরা শুরু করেছেন। তবে সব সদস্যের কাছে এখনও নতুন ইউনিফর্ম পৌঁছায়নি। পর্যায়ক্রমে সবাই এটি পাবেন। যারা ইতিমধ্যে পেয়েছেন, তারা নতুন পোশাকেই দায়িত্ব পালন শুরু করেছেন।

গত মাসের ১৮ জুন পুলিশ সদর দপ্তর থেকে পোশাকের রঙ পরিবর্তনের এই প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। নতুন বিধানে শার্ট ও প্যান্টের পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারী পুলিশ সদস্যদের পোশাক, মাথার আবরণ (হিজাব) এবং পূর্ণহাতা পোশাকের রঙেও পরিবর্তন আনা হয়েছে। এর আগের বিধানে শার্টের রঙ ছিল লোহা-ধূসর এবং প্যান্টের রঙ ছিল কফি-বাদামি ধূসর।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী পোশাকের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো:
সাধারণ ইউনিট: জেলা পুলিশ, এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের ক্ষেত্রে ট্রাউজার বা প্যান্ট হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের। শার্ট হবে গাঢ় নীল রঙের টিসি প্লেইন ফেব্রিক কাপড়ের। শার্টের সামনে চারটি পকেট ও সমদূরত্বে সাতটি বোতাম থাকবে।

শীতকালীন পোশাক: আগে লোহা-ধূসর শার্টের ওপর একই রঙের ফুলহাতা জার্সি বা কার্ডিগান ব্যবহারের নিয়ম ছিল। এখন নীল শার্টের ওপর গাঢ় নীল রঙের ফুলহাতা জার্সি বা কার্ডিগান যুক্ত করা হয়েছে।

মৌসুমী পরিবর্তন: গ্রীষ্মকালে পুলিশ সদস্যরা অর্ধহাতা শার্ট এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরিধান করবেন।

প্রজ্ঞাপনে নারী পুলিশ সদস্যদের পোশাকের বিষয়ে উল্লেখ করা হয়েছে:
* নারী সদস্যরা চাইলে শাড়ি পরিধান করতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ নির্ধারিত হয়েছে।

* নারী সদস্যরা চাইলে অনুমোদিত গাঢ় নীল রঙের মাথার আবরণ (হিজাব) ব্যবহার করতে পারবেন।

* ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছরই পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। এছাড়া গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিট প্রধানের পূর্বানুমতি নিয়ে সাধারণ পোশাক পরার সুযোগ রাখা হয়েছে।

* ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তৎকালীন সরকারের পতনের পর পুলিশ বাহিনীতে ব্যাপক সংস্কারের দাবি ওঠে। এরই অংশ হিসেবে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাকের রঙ 'লোহা-ধূসর' বা আয়রন গ্রে নির্ধারণ করা হয় এবং ২৫ নভেম্বর থেকে পুলিশ সেই পোশাকে মাঠে নামে। তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্য ও সাধারণ মানুষের মধ্যে ওই পোশাকটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাকটি নিয়ে নানামুখী সমালোচনা ও ট্রল হওয়ায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে এক ধরনের অস্বস্তি বোধ করছিলেন। সেই পরিপ্রেক্ষিতে মাত্র কয়েক মাসের ব্যবধানে আবারও পুলিশের পোশাকে এই পরিবর্তন আনা হলো।