আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের সামনে তৈরি হচ্ছে টানা চার দিনের দীর্ঘ ছুটি উপভোগের দারুণ সুযোগ। আগামী আগস্ট মাসের ২৬ তারিখের সাধারণ ছুটির সঙ্গে মাত্র একদিনের ঐচ্ছিক বা নৈমিত্তিক ছুটি সমন্বয় করতে পারলেই মিলবে লম্বা অবকাশ।
চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে ধর্মীয় এই ছুটিটি মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
ছুটির হিসাব অনুযায়ী, ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটির পর ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে মাঝখানের কর্মদিবস অর্থাৎ ২৭ আগস্ট (বৃহস্পতিবার) মাত্র একদিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা চার দিনের একটি দীর্ঘ অবকাশ উপভোগ করা সম্ভব হবে।
সাধারণত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত দপ্তরের পাশাপাশি বেসরকারি অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠানও বন্ধ থাকে। ফলে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি খাতের কর্মীরাও এই বড় সুসংবাদের আওতায় পড়ছেন।
তবে জরুরি পরিসেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসাসেবা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং জরুরি যানবাহনগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। অন্যদিকে, ব্যাংক ও আদালত খোলা রাখার বিষয়ে যথাক্রমে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আলাদা সিদ্ধান্ত নেবে।