‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। তবে চলতি বছর ৭ নভেম্বর শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা এ উপলক্ষে অতিরিক্ত ছুটি পাচ্ছেন না।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন উপসচিব ওয়ালীউল দামান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে। তবে এ বছর দিনটি শনিবার হওয়ায় তা সাপ্তাহিক ছুটির মধ্যেই পড়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের জন্য বাড়তি ছুটি ভোগের সুযোগ থাকছে না।
এর আগে গত ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারের ওই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হবে এবং এ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।
জামায়াতের ছত্রছায়ায় থাকলে এনসিপি পরগাছায় পরিণত হবে: রাশেদ খাঁন