ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে রওনা হন।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক মো. রাশেদ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।
খামেনিকে শেষ বিদায় জানাতে কয়েকদিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে ইরান। সূচি অনুযায়ী, ৪ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম জানাজা। এরপর রাজধানীর উপকণ্ঠের কোম শহরে ৭ জুলাই দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষ ৯ জুলাই আরেক দফা জানাজা শেষে তাকে দক্ষিণ-পূর্বাঞ্চলের মাশহাদে দাফন করা হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের অন্যান্য সদস্যসহ ৮৬ বছর বয়সী আলী খামেনি নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মৃত্যুর আগে তিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন।