দেশের তরুণ সমাজকে বিপথগামী করার উদ্দেশ্যে প্রতিবেশী একটি রাষ্ট্র থেকে মাদক প্রবেশ করানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (৩ জুলাই) নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর ট্রলারঘাটে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ অভিযোগ করেন।
এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, দেশে মাদকের বিস্তার রোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না।
মৎস্যসম্পদ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, হাওরাঞ্চলে মাছের উৎপাদন বাড়াতে সরকার প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে। তার ভাষ্য অনুযায়ী, একটি মা মাছ থেকে এক থেকে দেড় লাখ পর্যন্ত পোনা উৎপাদন সম্ভব। তাই মা মাছ রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে জেলে ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে।
তিনি জানান, আগামী পাঁচ মাস মাছ ধরা থেকে বিরত থাকলে উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে। বর্তমানে কম দামে বিক্রি হওয়া মাছ কয়েক মাস পর আকারে বড় হলে এর বাজারমূল্যও উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের ‘মাছে-ভাতে বাঙালি’ ঐতিহ্য আরও সমৃদ্ধ করতে হলে মা মাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। এতে যেমন জেলেরা আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি দেশের সামগ্রিক মৎস্যসম্পদও সমৃদ্ধ হবে।
রাজনৈতিক প্রসঙ্গেও বক্তব্য দেন তিনি। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, হত্যা, গুম, নির্যাতন কিংবা দমন-পীড়নের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। অতীতে যারা জনগণের ওপর নির্যাতন চালিয়ে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল, শেষ পর্যন্ত তারা জনরোষের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক এবং মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।