দেশের অর্থনৈতিক লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ১০ লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছে সরকার।
শনিবার (৪ জুলাই) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এই মেগা প্রকল্পের ঘোষণা দেন।
সমাবেশে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদকালেই এই মহাসড়ক ১০ লেনে উন্নীতকরণের কাজ সম্পন্ন করা হবে। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নেও সরকার বড় পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। মন্ত্রী ঘোষণা দেন, কুমিল্লাসহ দেশের প্রতিটি বিভাগীয় শহরে ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে একটি করে সর্বাধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে। এই কমপ্লেক্সগুলোতে বিকেএসপিসহ সব ধরনের খেলাধুলার আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।
এর পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু করাসহ জেলার নানামুখী উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী জাকারিয়া তাহের।
সমাবেশে কুমিল্লার সার্বিক উন্নয়ন প্রতিবেদন উপস্থাপন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারী আবুর সঞ্চালনা ও বক্তব্যে স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ জেলার এই উন্নয়ন ভাবনার প্রতি সংহতি প্রকাশ করেন।