শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে ভারতের সঙ্গে নির্ধারিত কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট আইনগত কাঠামো অনুসরণ করেই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে কী বক্তব্য দিচ্ছেন, তা বর্তমান প্রক্রিয়ায় প্রাসঙ্গিক নয়। তাঁর ভাষ্য, বাংলাদেশের আদালত একজনকে সাজা দিয়েছেন। তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ফলে তার ব্যক্তিগত বক্তব্যের চেয়ে আইনি প্রক্রিয়াই এখানে গুরুত্বপূর্ণ।

শামা ওবায়েদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই এ বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে এবং তা এখনো অব্যাহত রয়েছে। বন্দি বিনিময় চুক্তি বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রটোকল ও বিধিবিধান অনুসরণ করে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়ার আওতায় আনার চেষ্টা চলছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে সংঘটিত দুর্নীতি, হত্যা ও গুমসহ বিভিন্ন অভিযোগের সুষ্ঠু ও স্বচ্ছ বিচার বাংলাদেশের মাটিতেই হওয়া উচিত। এ লক্ষ্যেই সরকার প্রয়োজনীয় সব প্রক্রিয়া অনুসরণ করছে।

ভারতের সহযোগিতা না আইনি জটিলতা, কোনটি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পথে প্রধান বাধা, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সম্ভাব্য আইনি জটিলতার বিষয়টি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের অংশ হিসেবে যে কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন, তা যথাযথভাবেই চলছে। তাঁর দাবি, এ ক্ষেত্রে কূটনৈতিক উদ্যোগে কোনো ঘাটতি নেই।