বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশে এ পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর তথ্য জানিয়ে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালেকের উত্থাপিত একটি বেসরকারি প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এ তথ্য তুলে ধরেন।
আলোচনায় প্রতিমন্ত্রী বিশ্বকাপকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে ‘পুরো বাংলাদেশ ফিফা বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে আছে। দেশের তরুণরা এলাকায় এলাকায় ফুটবল নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।’
তবে এই উৎসবমুখর পরিবেশের মধ্যেই সহিংস ঘটনার প্রসঙ্গ তুলে ধরে আমিনুল হক বলেন, ‘বিশ্বকাপ ফুটবল নিয়ে বেশ কিছু সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১০ জন মানুষ মারা গেছেন।’
দেশবাসীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘খেলা আনন্দের একটি বিষয়। এটি আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। তর্ক-বিতর্ক থাকতে পারে, বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিল-আর্জেন্টিনাকে ঘিরে যে উত্তেজনা রয়েছে, সেটিও যেন আনন্দময় থাকে। কিন্তু কোনোভাবেই সহিংসতায় রূপ না নেয়।’
তিনি আরও বলেন, ‘বিশ্বকাপকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংস ঘটনায় যেন আর কোনো প্রাণহানি না ঘটে, সে জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’