প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৯:২৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) তাকে শপথবাক্য পাঠ করান।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, অন্যান্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরকে সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। একই দিনে তার সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে কোনো আইনগত বাধা নেই বলে রায় দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে এ রায় দেন।

সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৫ অনুযায়ী স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান। শপথ শেষে প্রচলিত নিয়ম অনুযায়ী সরোয়ার আলমগীর সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

Attr/AHA
আরও পড়ুন