রেলে আসছে ২০০ কোচ, চালু হচ্ছে নতুন রুট

দীর্ঘদিনের কোচ সংকট কাটিয়ে দেশের রেলপথে আসছে বড় পরিবর্তন। আগামী আগস্টে ভারত থেকে ২০০টি নতুন ব্রডগেজ কোচ দেশে পৌঁছানোর পর পর্যায়ক্রমে নতুন রুটে ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) ফকির মো. মহিউদ্দীন জানিয়েছেন, আগস্ট থেকেই ভারত থেকে আমদানি করা ২০০টি রেল কোচ দেশে আসা শুরু হবে। এসব কোচ যুক্ত হলে নতুন রেলপথে ট্রেনের সংখ্যা বাড়ানো এবং নতুন আন্তনগর ট্রেন চালুর কাজ শুরু হবে।

রেলওয়ে সূত্র জানায়, যমুনা সেতু-পাবনা, ঢাকা-পদ্মা সেতু-যশোর, ঢাকা-পদ্মা সেতু-ফরিদপুর এবং খুলনা-মোংলা রেলপথ চালু হলেও কোচ ও ইঞ্জিন সংকটের কারণে পর্যাপ্ত ট্রেন চালানো সম্ভব হয়নি। বিশেষ করে যমুনা সেতু-পাবনা এবং খুলনা-মোংলা রুটে এখনো কোনো আন্তনগর ট্রেন চালু করা যায়নি।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, নতুন কোচ পাওয়ার পর প্রথমে ঢাকা-পাবনা রুটে আন্তনগর ট্রেন চালু করা হবে। এরপর ঢাকা-খুলনা রুটে নতুন আন্তনগর ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। সেই ট্রেন মোংলা পর্যন্ত সম্প্রসারণ করা যায় কি না, সেটিও বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি পুরোনো কোচ দিয়ে গোপালগঞ্জ-ঢাকা রুটে একটি কমিউটার ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে নতুন কোচ আসার পর রাজশাহীগামী কয়েকটি ট্রেনে কোচ বদলানো হবে। সেখান থেকে অবমুক্ত হওয়া কোচ দিয়ে বন্ধ থাকা লোকাল, কমিউটার ও মেইল ট্রেনগুলোও পর্যায়ক্রমে চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে।

রেলপথ উন্নয়নের অংশ হিসেবে সরকার ভবিষ্যতে আরও ২৬০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ, ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ৫০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের প্রকল্প অনুমোদনের কাজও এগিয়ে নিচ্ছে।