শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর চালুর সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জাদুঘরটি খুলে দেওয়া হবে।

শুক্রবার (১০ জুলাই) সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই স্মৃতি জাদুঘরের পরিচালনা কমিটির কার্যক্রম কিছুটা এলোমেলো ছিল। বর্তমানে নতুন কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে সংসদে সিদ্ধান্ত হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে জাদুঘরের উদ্বোধনের তারিখ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় জানানো হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সরকার দেশের সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে। গত ১৮ থেকে ২০ বছরে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের মতামতের যথাযথ মূল্যায়ন করা হয়নি। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। বিপুল অর্থ লুটপাটের মাধ্যমে ব্যাংক ও বীমা খাত ধ্বংস করা হয়েছে।

বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য, প্রত্নসম্পদ ও সাংস্কৃতিক নিদর্শন সংরক্ষণ এবং পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করছে বলে জানান সংস্কৃতিমন্ত্রী।

পরে তিনি কুমিল্লার ময়নামতি জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শালবন বিহার ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ভিপি আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ।