কিশোরগঞ্জের ভৈরবে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ৪০ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ছয় পাতার একটি হাতে লেখা চিরকুটও জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, চিরকুটে ব্যক্তিগত সম্পর্ক ও জীবনের নানা ঘটনার উল্লেখ রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিহত আনোয়ার হোসেন কুলিয়ারচর উপজেলার কামালিয়াকান্দি গ্রামের সাইজ উদ্দিনের ছেলে।
শুক্রবার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস।
পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, ভৈরবে এলে আনোয়ার প্রায়ই পৌর শহরের বঙ্গবন্ধু সরণি এলাকার এশিয়া আবাসিক হোটেলে অবস্থান করতেন। গত ৩০ জুন তিনি হোটেলের ১০ নম্বর কক্ষ ভাড়া নেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ভাড়া নেওয়ার জন্য হোটেলের এক কর্মচারী কক্ষে গিয়ে বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে কক্ষের পেছনের জানালা দিয়ে তাকিয়ে আনোয়ারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া ছয় পাতার চিরকুটে দীর্ঘদিনের একটি প্রেমের সম্পর্ক, সেই সম্পর্কের টানাপোড়েন এবং ব্যক্তিগত জীবনের নানা অনুভূতির কথা লেখা রয়েছে। তবে চিরকুটের বিষয়বস্তু যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় না পুলিশ।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, একটি অপরিচিত নম্বরের মিসড কলের মাধ্যমে স্থানীয় এক তরুণীর সঙ্গে আনোয়ারের পরিচয় হয়েছিল। পরে সেই পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয়। এদিকে আনোয়ার ঢাকার একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে জনবল পাঠানোর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। বিদেশে কর্মী পাঠানোসংক্রান্ত একটি মামলায় কয়েক মাস কারাগারে থাকার সময় তার অনুপস্থিতিতে পরিবারের সিদ্ধান্তে ওই তরুণীর বিয়ে মালয়েশিয়াপ্রবাসী এক যুবকের সঙ্গে হয়ে যায়।
হোটেলের কর্মচারী আরিফুল ইসলাম শান্ত বলেন, আনোয়ার তাদের নিয়মিত অতিথি ছিলেন। বৃহস্পতিবার রাতে দীর্ঘ সময় কক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। পরে জানালা দিয়ে তাকিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে হোটেল কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ভৈরব থানার ওসি লিমন বোস বলেন, ঘটনাস্থল থেকে মরদেহের পাশাপাশি ছয় পাতার একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটের প্রতিটি বিষয় গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার আগে মৃত্যুর কারণ কিংবা উদ্ধার হওয়া চিরকুটের বিষয়বস্তু নিয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করা সমীচীন হবে না। তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ১৫ হাজার মানুষ পানিবন্দি
সংরক্ষণ সংকটে সাড়ে ৫শ বছরের ঘোড়াঘাটের সুরা মসজিদ
গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার ১৮