বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
রোববার (১২ জুলাই) দেওয়া এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং এই দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি পাকিস্তানের সংহতির কথা পুনর্ব্যক্ত করেন।
শোকবার্তায় শেহবাজ শরিফ বলেন, ‘বাংলাদেশে ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত।’
তিনি পাকিস্তানের জনগণের পক্ষ থেকে নিহতদের স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ও সরকারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পৃথক এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত সব মানুষের নিরাপত্তা ও কল্যাণ কামনা করে প্রার্থনা জানান।
এদিকে টানা ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং পাহাড়ধসের কারণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে। এতে বিভিন্ন এলাকায় প্রাণহানি, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং জনদুর্ভোগ বেড়েছে।