কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাতে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি কাতারের উদ্দেশে যাত্রা করেন। সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক মো. রাশেদ মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সফরকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ সময় তিনি আধুনিক কাতারের রূপকার হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাবেন।