উপসচিব থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মাসিক গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার করার প্রস্তাব থেকে সরে এসেছে সরকার। ফলে আগের মতোই মাসিক ৫০ হাজার টাকার ভাতাই বহাল থাকছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৯ জুলাই অর্থ মন্ত্রণালয় গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব দেয়। তবে ওই প্রস্তাবকে ঘিরে গত এক সপ্তাহ ধরে অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে একাধিক দফায় চিঠি চালাচালি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মধ্যেও অসন্তোষের সৃষ্টি হয়।
সর্বশেষ জারি করা প্রজ্ঞাপনে অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়কে ভাতা কমানোর প্রস্তাবসংক্রান্ত কার্যক্রম আর এগিয়ে না নেওয়ার নির্দেশ দিয়েছে। এর ফলে সরকারি কর্মকর্তাদের জন্য বিদ্যমান ৫০ হাজার টাকার মাসিক গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা অপরিবর্তিত থাকছে।
এই ভাতা শুধু বেসামরিক প্রশাসনের কর্মকর্তারাই নন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং সশস্ত্র বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারাও পেয়ে থাকেন।
এদিকে, ভাতা পুনর্নির্ধারণের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সশস্ত্র বাহিনী বিভাগ, নির্বাচন কমিশন, জুডিশিয়াল সার্ভিসসহ সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৈঠকটি স্থগিত করা হয়েছে।