১ নভেম্বরেই ফিরছে জাতীয় যুব দিবস উদযাপন

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৮:৫২ পিএম

আগের মতো প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন করা হবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদিন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে পালিত হতো। তবে অন্তর্বর্তী সরকারের সময় উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দুটি দিবস একই দিনে, অর্থাৎ ১২ আগস্ট, উদযাপনের ব্যবস্থা করা হয়েছিল।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, ২০২৫ সালে দুই দিবস একসঙ্গে উদযাপনের সময় বর্ষাকাল হওয়ায় প্রতিকূল আবহাওয়ার কারণে যুব র‍্যালি, যুব সমাবেশ ও যুব মেলা প্রত্যাশিতভাবে আয়োজন করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয়ের ক্ষেত্রে নানা সমস্যার মুখে পড়েন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময়ে যুব মেলার আয়োজন করলে প্রত্যাশিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জন করা যায় না। এ ছাড়া জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি, বেসরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগীদের অংশগ্রহণে পালিত হয়ে থাকে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একসঙ্গে ১২ আগস্ট উদযাপনের পরিবর্তে পৃথকভাবে পালনের প্রস্তাব অনুমোদন করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপিত হবে।

Attr
আরও পড়ুন
সর্বশেষপঠিত