রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন তো গুঞ্জনই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান নানা গুঞ্জনের মধ্যে এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যে আলোচনা চলছে, সেটি আপাতত গুঞ্জনের পর্যায়েই রয়েছে। রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে দায়িত্ব ছাড়তে চান, তাহলে সংবিধানে সেই সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই এবং সরকারের পক্ষ থেকেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একাধিক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যে খবর বা আলোচনা বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হচ্ছে, সরকার তা গণমাধ্যম থেকেই দেখছে। এখন পর্যন্ত রাষ্ট্রপতির পক্ষ থেকে সরকারের কাছে এ ধরনের কোনো সিদ্ধান্ত বা বার্তা আসেনি।

তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন তো গুঞ্জনই। সেটি যদি বাস্তবে ঘটে, তখন বিষয়টি সরকারও দেখবে। তার আগে এ নিয়ে মন্তব্য করার কোনো সুযোগ নেই।

রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কিংবা অন্য কোনো ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাইলে সেটি সম্পূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংবিধানে রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ রয়েছে। তবে তিনি সত্যিই পদত্যাগ করতে চান কি না, সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

এ সময় সাংবাদিকরা জানতে চান, সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কোনো উদ্যোগ বা আলোচনা হয়েছে কি না। জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কিছু বলা হচ্ছে না। রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চেয়েছেন কি না, সেটি তাকেই জিজ্ঞেস করতে হবে।

বিদেশে চিকিৎসা নেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কোনো ফোনালাপ হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া ব্যাখ্যা করে তিনি বলেন, রাষ্ট্রপতি দায়িত্ব ছাড়তে চাইলে নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এরপর সংবিধানে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান, তাহলে স্পিকারের কাছে পদত্যাগপত্র দেওয়ার বিধান রয়েছে। এরপর পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সেটি তখনকার সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত হবে। বর্তমানে এ বিষয়ে সরকারের কাছে নতুন করে বলার মতো কোনো তথ্য নেই।