কালেমার পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৬:৩৯ পিএম

দেশের বিভিন্ন স্থানে আরবি হরফসংবলিত পতাকা প্রদর্শনের ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর অপচেষ্টা হতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এ ধরনের ঘটনার সঙ্গে সংগঠিত জঙ্গিবাদী তৎপরতা বা বড় কোনো উগ্রবাদী সংগঠনের সম্পৃক্ততার প্রমাণ সরকারের কাছে নেই বলেও তিনি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আরবি হরফ লেখা পতাকা প্রদর্শনের ঘটনায় কারা জড়িত, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু ব্যক্তি ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করতে পারে। তাঁর ভাষ্য, কিছু সংগঠনকে চরমপন্থি হিসেবে বিবেচনা করা যেতে পারে, তবে দেশে সংগঠিত জঙ্গিবাদী তৎপরতা বা বড় ধরনের কোনো উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব আছে বলে সরকার মনে করে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার উগ্রবাদ ও মৌলবাদের বিষয়ে ‘শূন্য সহনশীলতা’ নীতিতে অটল। প্রধানমন্ত্রীর অবস্থান তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে উগ্রবাদী বা মৌলবাদী কোনো শক্তির উত্থান ঘটতে দেওয়া হবে না।

সংবাদ ব্রিফিংয়ে তিনি শিক্ষার্থীদের আন্দোলন, বিদেশে গ্রেপ্তার আসামিদের প্রত্যর্পণ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ, মাদকবিরোধী অভিযান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা প্রণয়ন, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

Attr
আরও পড়ুন
সর্বশেষপঠিত