সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মের সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার দায়িত্ব ভবিষ্যতে বর্তমান প্রজন্মকেই এগিয়ে নিতে হবে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামনে এখনো নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। তবে এসব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি সমৃদ্ধ, আধুনিক ও সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নতুন প্রজন্মের ক্রীড়াবিদরা সাফল্য বয়ে আনবে, এমন প্রত্যাশা সরকারের রয়েছে। এজন্য খেলাধুলার পাশাপাশি শিক্ষার প্রতিও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, নতুন প্রজন্ম যে পেশাতেই নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে চাইবে, সরকার তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তুলতেই সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী তরুণদের প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের প্রাকৃতিক পরিবেশ ও জাতীয় সম্পদ রক্ষায় সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পরিবেশ সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।