নতুন কুঁড়ি স্পোর্টসের লক্ষ্য কী?

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৬:২৭ পিএম

রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ জুলাই) বিকেল পৌনে ৪টায় তিনি অনুষ্ঠানে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সমাপনী অনুষ্ঠানে ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন। এ ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী ও রংপুর অঞ্চল।

এ ছাড়া তিনি বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালও উপভোগ করবেন। পরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং প্রতিযোগিতার থিম সংয়ের সঙ্গে শিশুশিল্পীদের নৃত্য পরিবেশনাও দেখবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুরুতে স্বাগত বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। সমাপনী বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। দেশের সব উপজেলা ও জেলা থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার ১২ থেকে ১৪ বছর বয়সী খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরে রাজধানীর বিভিন্ন ভেন্যুতে জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন ডিসিপ্লিনে প্রতিভার স্বাক্ষর রাখা ক্রীড়াবিদদের ইতোমধ্যে বাছাই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) বিভিন্ন শাখায় প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। সরকারের লক্ষ্য, শিশু-কিশোরদের মাঠমুখী করে ক্রীড়ার মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা।

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত