আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা চার দিন করে মোট আট দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হয়েছে। তবে এ সুবিধা পেতে মাঝের কর্মদিবসে এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিতে হবে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, প্রথম দফায় ৫ আগস্ট বুধবার ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ৬ আগস্ট বৃহস্পতিবার অফিস খোলা থাকলেও ওই দিন এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ কাটানো যাবে।
দ্বিতীয় দফায় ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে এ ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি পালন করা হবে।
তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, ইন্টারনেট, হাসপাতালসহ জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন। এছাড়া ব্যাংক ও আদালতের ছুটির বিষয়ে পৃথকভাবে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।