প্রধানমন্ত্রীর সাথে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৭:৪০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা। বৈঠকে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক উদ্যোগগুলোও গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরার জন্য সম্পাদকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার (২৭ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকারের গঠনমূলক সমালোচনা গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে সরকারের ভালো উদ্যোগ ও ইতিবাচক কর্মকাণ্ডও সঠিকভাবে তুলে ধরা প্রয়োজন। এতে সাধারণ মানুষ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন।

এ সময় স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজের বিষয়েও আলোচনা হয়। এ নীতিমালা প্রণয়নে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক নয়া দিগন্ত-এর সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর-এর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা-এর সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ-এর সম্পাদক শহিদুল ইসলাম।

MCH
আরও পড়ুন
সর্বশেষপঠিত