ভারপ্রাপ্ত স্পিকারের নামে জাল ডিও পত্র, সতর্কতা জারি

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে ডেমি-অফিশিয়াল (ডিও) পত্র তৈরি এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে জমা দিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টার ঘটনায় সতর্কতা জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়।

সোমবার (২৭ জুলাই) সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের নামে প্রচারিত ও বিভিন্ন দপ্তরে দাখিল করা ডিও পত্রটি সংসদ সচিবালয় থেকে ইস্যু করা হয়নি। এ পত্রের সঙ্গে জাতীয় সংসদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

সংসদ সচিবালয় জানায়, রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জাতীয় সংসদের নাম, সরকারি লোগো, দাপ্তরিক প্যাড কিংবা অন্য কোনো সরকারি পরিচয় জালিয়াতির মাধ্যমে ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা গুরুতর ও আইনত দণ্ডনীয় অপরাধ।

বিষয়টি নজরে আসার পর জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ধরনের জালিয়াতি প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

একই সঙ্গে জাতীয় সংসদের নামে কোনো ডিও বা সরকারি পত্র পাওয়া গেলে তা গ্রহণের আগে সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত শাখার সঙ্গে যোগাযোগ করে পত্রটির সত্যতা যাচাই করার অনুরোধ জানানো হয়েছে।