স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান প্রক্রিয়ায় সংবাদপত্রের সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডও দায়িত্বশীলভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, বৈঠকে স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার গণমাধ্যম পরিবেশ নিশ্চিত করতে সরকারের উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতেও সরকার কাজ করছে। এ লক্ষ্যে প্রণীতব্য নীতিমালা বাস্তবসম্মত ও কার্যকর করতে সম্পাদকদের মতামত ও সহযোগিতা গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা সরকারকে জবাবদিহিমূলক ও কার্যকর হতে সহায়তা করে। একই সঙ্গে দেশের উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম ও ইতিবাচক উদ্যোগও বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।
বৈঠকে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম।
গান গাওয়া অন্যায় নয়: শিক্ষা প্রতিমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ
দেশে নতুন বিনিয়োগ আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী